আপনি কি অনাবাসী ভারতীয় নাগরিক হয়ে বিদেশে চাকরি বা ব্যবসা করেন? তাহলে জেনে নিন আপনাকে ২০১৯-২০ সালের আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা।
ভারতের অর্থনীতির ভিত নির্ভর করে নাগরিকদের কাছ থেকে আয়কর সংগ্রহের উপর। ভারতীয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ১৯৬১ ধারায় বলা আছে অনাবাসী ভারতীয়রা দেশের বাইরে উপার্জন করলে তাদের ক্ষেত্রে কি ভাবে আয়কর ধার্য করা হবে। আয়কর আইনে সাধারণ ভারতীয় নাগরিকদের কাছ থেকে যে নিয়মে আয়কর ধার্য করা হয় অনাবাসী ভারতীয় ক্ষেত্রে সেই নিয়ম আলাদা।
এখানে অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে কিভাবে আয়কর ধার্য করা হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো।
প্রথমে আমাদের জানতে হবে অনাবাসী ভারতীয় কাদের বলা হয়। আবাসিক ও অনাবাসী ভারতীরদের ব্যাখ্যা ভারতীয় ইনকাম ট্যাক্স অ্যাক্টে ৬ নং ধারায় বিশদ ভাবে বলা আছে।
সাধারণভাবে কোনো এক আর্থিক বছরে একজন ভারতীয় নাগরিককে ভারতীয় আবাসিক হিসাবে গণ্য করা হবে যদি-
ক) সেই ব্যক্তি আর্থিক বছরে অন্তত ৬ মাস বা ১৮২ দিন ভারতে বসবাস করেছে।
খ) সেই ব্যক্তি আর্থিক বছরে ২ মাস বা ৬০ দিন ভারতে ছিলেন এবং গত চার বছরের মধ্যে এক বছর বা ৩৬৫ দিন ভারতে বসবাস করেছে।
এ বিষয়ে আরও কয়েকটি ধারা আছে যেগুলি নিয়ে এখানে আলোচনা করছিনা।
কোনো ব্যক্তি যদি উপরে বর্ণিত কোন ধারার মধ্যে না পরেন তবে সেই ব্যক্তিকে অনাবাসী ভারতীয় বলে গণ্য করা হবে।
কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই বিষয়টা বুঝে নেবার চেষ্টা করবো।
১) অনাবাসী ভারতীয়দের আর্জিত আয়গুলি কি ভারতীয় আয়কর আইনে করযোগ্য?
অনাবাসী ভারতীয়ের আয় ভারতে করযোগ্য কিনা তা নির্ভর করে নাগরিকের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর।
আপনি যদি ভারতীয় আবাসিক হন তাহলে আপনার বিদেশে অর্জিত আয় ভারতে করযোগ্য। আপনি যদি অনাবাসী ভারতীয় হন তাহলে আপনার ভারতে অর্জিত আয় ভারতে করযোগ্য। অনাবাসী ভারতীয়দের ভারতে অর্জিত আয়গুলি নিন্মরূপ:
ক) ভারতে গৃহীত বেতন বা ভারতে প্রদত্ত পরিষেবাগুলির জন্য বেতন।
খ) ভারতে অবস্থিত বাড়ির সম্পত্তি থেকে বাড়ি ভাড়া বাবদ আয়।
গ) ভারতে অবস্থিত সম্পত্তির হস্তান্তর বা অন্য মূলধনী লাভ। অর্থাৎ সম্পত্তি, শেয়ার ইত্যাদি বিক্রি বাবদ লাভ।
ঘ) ফিক্সড ডিপোজিট থেকে আয় বা সেভিংস অ্যাকাউন্টের সুদের বাবদ সমস্ত আয়।
ঙ) এনআরও অ্যাকাউন্টে অর্জিত সুদ।
সংক্ষেপে বলা যায় অনাবাসী ভারতীয়দের ভারতের মধ্যে আয়গুলি করযোগ্য হয়। আর ভারতের বাইরে অর্জিত আয়গুলি ভারতে করযোগ্য নয়।
অনাবাসী ভারতীয়দের এনআরই অ্যাকাউন্টে এবং এফসিএনআর অ্যাকাউন্টটির অর্জিত সুদ কর মুক্ত।
২) অনাবাসী ভারতীয়দের কি ভারতে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক?
ভারতীয় নাগরিক আবাসিক হোক বা অনাবাসী হোক বছরে আয় ২.৫০ লক্ষ টাকা ছড়িয়ে গেলে তাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এই আয়কর রিটার্ন জমা দিতে হবে ৩১শে জুলাই, ২০১৯ এর মধ্যে।
৩) অনাবাসী ভারতীয়দের কি অগ্রিম ট্যাক্স জমা দিতে হবে?
যদি অনাবাসী ভারতীয় ট্যাক্স দায় আর্থিক বছরে ১০,০০০ টাকা ছাড়িয়ে যায়, তাহলে অনাবাসী ভারতীয়কে অগ্রিম কর দিতে হবে। অগ্রিম কর ঠিক সময়ে জমা না করলে 234B এবং 234C ধারার অধীনে সুদ চার্জ করা হবে।
৪) অনাবাসী ভারতীয়দের বেতন বাবদ আয় কি ভারতে করযোগ্য আয়।
অনাবাসী ভারতীয়দের বেতন বাবদ আয় যখন ভারতে জমা পড়ে বা কেউ যদি আপনার হয়ে কাজ করে তখন সেই আয়গুলি ভারতে করযোগ্য হয়। অতএব, আপনি যদি অনাবাসী ভারতীয় হন এবং আপনার বেতন সরাসরি ভারতীয় অ্যাকাউন্টে জমা পড়ে তাহলে এই আয়টি ভারতীয় আয়কর আইনে করযোগ্য। এখানে স্লাব অনুযায়ী আয়কর ধার্য করা হয়। অনাবাসী ভারতীয়দের বিদেশে বেতন বাবদ আয় বিদেশী ব্যাংক বা ভারতের NRE অ্যাকাউন্টে জমা পড়লে সেই আয় ভারতীয় আইনে করযোগ্য নয়।
প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেইল করুন wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments
Post a Comment